শেরপুরে গৃহহীন বিধবার ঘর পুনর্নির্মাণের দায়িত্ব নিলেন ডিসি ফরিদা ইয়াসমিন
খোরশেদ আলম, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এক অসহায় ও গৃহহীন বিধবা আকলিমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন।
মৃত আবদুস সামাদের স্ত্রী আকলিমা বেগম উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে বসবাস করেন। তাঁর নিজস্ব কোনো সম্পদ বা স্থায়ী উপার্জনের পথ নেই। এর ওপর তিনি মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন, যার ফলে কোনো ধরনের কঠোর পরিশ্রমের কাজ করাও তাঁর পক্ষে সম্ভব নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে দিনমজুর স্বামীর মৃত্যুর পর থেকে এই পরিবারের দুর্দশা আরও চরম আকার ধারণ করে। আকিলমার দুই ছেলে বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তাঁর স্বামী-পরিত্যক্তা মেয়ে আজমিনা প্রতিবেশীদের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে দুই সদস্যের এই পরিবারের অন্নসংস্থান করছেন। তাদের বর্তমান ঘরটি সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঘরের চাল ফুটো থাকায় সামান্য বৃষ্টি হলেই তারা রাতে ঘুমাতে পারেন না। চরম অর্থনৈতিক সংকটের কারণে ঘরটি মেরামত বা নতুন করে তৈরি করার সামর্থ্যও ছিল না এই পরিবারের।
সম্প্রতি বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে আকলিমা বেগমের এই মানবেতর জীবনযাত্রার চিত্র ফুটে উঠলে বিষয়টি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের দৃষ্টিগোচর হয়।
এরই প্রেক্ষিতে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধা বিধবার জন্য একটি উপযুক্ত ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার এই আশ্বাসের পর আকলিমা বেগম অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

