প্রতারক চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
জালিয়াতির মাধ্যমে সম্মানসূচক দান করা জমি পুনরায় অন্যত্র অবৈধভাবে বিক্রি করে পুনরায় দখলের চেষ্টার প্রতিবাদে এবং প্রতারক চক্রের শাস্তির দাবিতে বরগুনা - বেতাগী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১ টার দিকে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার বরিশাল -বেতাগী- বরগুনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘এলাকাবাসী ও ভুক্তভোগী’-দের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ২০১৬ সালে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা (চান্দখালি) গ্রামের আব্দুস সাত্তার এর কাছ থেকে একখন্ড জমি বৈধভাবে ক্রয় করেন পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার কাকড়া বুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা ফারুক আলম ও তার ভাই হাজী সুমন। লেনদেন ও দলিল সম্পূর্ণ হওয়ার পর গ্রহীতাদের দাতারা উক্ত জমির দখল বুঝিয়ে দেন এবং গ্রহীতারা এখানে দোতলা বসতঘর ও সামনের অংশের দোকানের স্টল নির্মাণ করে জমি ভোগ করে আসছেন। এর প্রায় ১০ বছর পর হঠাৎ দাতার ছেলে-মেয়েরা উক্ত জমি তাদের নামে দলিল আছে বলে বর্তমান দখলদারের কাছে দাবি করে। তখন বর্তমান দখলদার জানতে পারে দাতা তার কাছে জমি বিক্রির আগেই অত্যন্ত সুকৌশলে এবং জালিয়াতির মাধ্যমে তার সন্তানদের নামে উক্ত জমি লিখে দিয়েছেন। পরবর্তীতে এই প্রতারণার বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরের ক্রেতা বিষয়টি নিয়ে দাতার দারস্ত হলে তিনি সন্তানদের দেওয়া জমির দলিল খারিজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেন। কিন্তু তার সন্তানরা জমির দলিল ফিরিয়ে দিতে নারাজ। তারা জোর জবরদস্তির মাধ্যমে উক্ত জমি দখল করার বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী এই জালিয়াতি চক্রের হাত থেকে নিজেদের পৈতৃক ও কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা জমি রক্ষার্থে এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

