পাথরঘাটায় জেলেদের সাথে কোস্ট গার্ডের মতবিনিময় ও সচেতনতা সভা জেলেদের নিরাপত্তা ও সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপের আশ্বাস
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলেদের আর্থ-সামাজিক জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় স্থানীয় জেলেদের সাথে এক মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ পাথরঘাটা স্টেশনে এই কর্মসূচি পরিচালিত হয়।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আলোচনায় মৎস্যজীবী সম্প্রদায়ের সামগ্রিক কল্যাণ, সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে জলদস্যুতা ও জেলে অপহরণ রোধে করণীয় বিভিন্ন পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উন্মুক্ত আলোচনায় জেলেদের বৈধ উপায়ে মাছ ধরা, সরকারি বিধিমালা ও নিষেধাজ্ঞা মেনে চলা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ও সম্পদ রক্ষায় গ্রহণীয় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে জেলেরা তাদের জীবন-জীবিকা সংশ্লিষ্ট বিভিন্ন সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। কোস্ট গার্ডের কর্মকর্তারা জেলেদের আশ্বস্ত করে বলেন যে, সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে তাদের সব ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত মতবিনিময় সভায় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবহেলিত জনপদের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

