Dark Mode
Monday, 05 October 2026
ePaper   
Logo
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান

শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান

বরিশাল অফিস
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা উপেক্ষা করে কোনো ব্যবস্থা চলতে দেওয়া হবে না। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের কল্যাণে দায়িত্বশীলদের আরও সক্রিয় ও সংগঠিতভাবে কাজ করতে হবে।
 
শনিবার (৩ অক্টোবর) বরিশাল নগরীর টাউন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা ও মহানগরী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আতিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রমের ওপর দেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ নির্ভরশীল। অথচ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরি, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা দায়িত্বশীলদের অন্যতম কর্তব্য।
 
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়েছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
 
বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যবস্থা চলতে দেওয়া হবে না। প্রয়োজনে শ্রমিকরা রাজপথে নামবেন। কৃষকদের সার সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকরা মাঠে সার না পাওয়ার অভিযোগ করছেন। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে জিম্মি করা হলে তা মেনে নেওয়া হবে না।
 
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। চাকরি হারানো অনেক শ্রমিক ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও অনেকে প্রতিকার পাচ্ছেন না। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
 
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন সমাবেশে সভাপতিত্বে করেন। সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন, ফেডারেশনের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ও বরিশালে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও বরিশাল জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা মতিউর রহমান, ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান ও বরিশাল জেলা উপদেষ্টা সাইয়েদ আহমেদ খান বাচ্চু প্রমুখ। এছাড়াও ফেডারেশনের বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বরিশাল মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ অংশগ্রহন করেন

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!